০২ জুন, ২০২৬
তিনজন ‘উগ্রপন্থী ইসরায়েলি সেটলারের’ ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে নিউজিল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।মঙ্গলবার (২ জুন) নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এ সংক্রান্ত বিবৃতিটি যুক্ত করেছেন।
নিউজিল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা পাওয়া তিন ইসরায়েলি হলেন— ইতামার ইহুদা লেভি, হারেল ডেভিড লিবি এবং এলিয়াভ লিবি।
পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বিবৃতিতে জানান, এই তিন ব্যক্তি সহিংসতাসহ বিভিন্ন উপায়ে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণে সক্রিয়ভাবে কাজ করেছেন।
‘এই ব্যক্তিদের কর্মকাণ্ড ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করছে। তারা এই অঞ্চলকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে’, বিবৃতিতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স।
একই সঙ্গে পিটার্স পুনর্ব্যক্ত করেন, ফিলিস্তিন সংকটের সমাধানে নিউজিল্যান্ড বরাবরের মতোই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের নীতিকে সমর্থন করে।