ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাওজুল কবির

০২ জুন, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির  খান। শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির নবগঠিত ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ পরিচালনার গুরুদায়িত্বও গ্রহণ করেছেন। 

আজ মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে নিজের পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করে চট্টগ্রামের আঞ্চলিক একটি প্রবাদের উল্লেখ করেন তিনি। ফওজুল কবির খান লেখেন, “চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, ‘হাইল্যার (কৃষক) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা।’ আমার দাদা ছিলেন মাদ্রাসা শিক্ষক, বাবা কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি। আলহামদুলিল্লাহ, পূর্বপুরুষের পেশায় আবার ফিরে এসেছি।”

দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ ফওজুল কবির খান জানান, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং বাংলাদেশের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে তাঁর শিক্ষকতার বয়স ইতোমধ্যে ১৫ বছরেরও বেশি ছাড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যোগদানের পূর্বে তিনি দেশের অন্যতম শীর্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অধ্যাপনা করছিলেন।

নতুন কর্মস্থলে যোগ দিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করার পাশাপাশি সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।