০২ জুন, ২০২৬
কক্সবাজারের টেকনাফ উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত মঙ্গলবার বিকেলে জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের বাহারছড়া আউটপোস্টের অধীন নোয়াখালী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করে প্রায় ২৯৯ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকা। এ সময় ২ হাজার ৩৫০ টাকা নগদ অর্থ, দুটি মোবাইল ফোন এবং মাদক পাচারে ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়।
এ ঘটনায় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।