০২ জুন, ২০২৬
নওগাঁ শহরের বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত ও দুই শিশু আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিহতের নাম নওসাদ (২৪)।
তিনি নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর ছেলে। আহত দুই শিশুকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ঢাকা বাসস্ট্যান্ড থেকে একটু দূরে তুলশিগঙ্গা ব্রিজ মোড়ে বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে নওসাদ নিহত হন এবং অটোরিকশার অন্য দুই শিশু যাত্রী আহত হয়। ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এতে স্থানীয় বিক্ষুব্ধ বাসিন্দারা সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল ব্যাহত হয়ে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে