কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী আটক

০২ জুন, ২০২৬

পবিত্র ঈদুল আজহার ছুটিতে জুয়া খেলার অভিযোগে ২০ জন প্রবাসীকে গ্রেফতার করেছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটক ব্যক্তিদের প্রশাসনিক বহিষ্কার বিভাগে পাঠানো হয়েছে এবং তাদের দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা জিলিব আল-শুয়েখ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

নিরাপত্তা সূত্র জানায়, ঈদের ছুটিতে একটি বাসায় জুয়ার আসর বসানোর গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালানো হয়। পরে অভিযানে ওই বাসা থেকে ২০ জন প্রবাসীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ নগদ অর্থ এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্ত শেষে আটক ব্যক্তিদের প্রশাসনিক বহিষ্কার বিভাগে হস্তান্তর করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আঙুলের ছাপ ও বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে তারা কুয়েতে পুনঃপ্রবেশের সুযোগ পাবেন না। 

পাশাপাশি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলো, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও বাহরাইনেও প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জনশৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কুয়েত সরকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সতর্ক করা হয়েছে।

তবে আটক ২০ প্রবাসী কোন দেশের নাগরিক, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তাদের এশীয় নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে।