দুর্গাপুরে মাদকাসক্ত দুই ভাইয়ের কারাদণ্ড

০২ জুন, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই ভাইকে আটক করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দণ্ডপ্রাপ্ত দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার মধ্যরাতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তারা ধরা পড়ে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পৌর শহরের বুরুঙ্গা এলাকার জাহাঙ্গীর (২৭) ও আলমগীর (২৫)।  

অভিযান সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ১২টার দিকে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বুরুঙ্গা এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় দুই ভাইকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, মাদক সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।