নেত্রকোনায় গান বাজানো নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ২

০২ জুন, ২০২৬

নেত্রকোনার চল্লিশা ইউনিয়নে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোস্তফা আমীর ফয়সাল (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন।  

সোমবার (১ জুন) মধ্যরাতে সদর উপজেলার বামনীকোনা গ্রামের সংসদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ইদ্রিস আলীর মেয়ে শাবানার বিয়েতে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলার আয়োজন চলছিল।

রাত আনুমানিক পৌনে ১২টার দিকে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম (১৯) তার কয়েকজন বন্ধুসহ সেখানে এসে নাচ-গান শুরু করেন।

এসময় বিয়েবাড়িতে থাকা ফয়সাল তাদের সেখান থেকে সরে যেতে বললে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম সেখান থেকে চলে গিয়ে কিছুক্ষণ পর তার পরিবারের সদস্যদের নিয়ে ফিরে এসে ফয়সালদের ওপর হামলা চালায়।

দুই পক্ষের সংঘর্ষে ফয়সালসহ তার চাচাতো ভাই রবিন হাসান (১৯), আব্দুল্লাহ আল ফাহিম (১৮) ও চাচা সাদেকুল ইসলাম (৪৫) আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফয়সালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার জানান, বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।