০২ জুন, ২০২৬
দিনাজপুরের বীরগঞ্জের ভোগডোমা শালবাগান থেকে মো. রাসেল রানা (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রাসেল বীরগঞ্জ উপজেলার ভোগডোমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি শালবাগানে লিচু সংগ্রহ করতে গিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় রাসেল রানার মরদেহ দেখতে পান।
এ সময় তারা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় ইউপি সদস্য বিষয়টি বীরগঞ্জ থানা পুলিশকে জানান। খবর পেয়ে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার ও বীরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, মরদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল।
এছাড়া বাম পায়েও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।