০৩ জুন, ২০২৬
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওষুধের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ জুন) রাত ১১টার দিকে হাসপাতালের নিচতলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হাসপাতালের নিচতলার ওষুধের স্টোররুমে হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পান উপস্থিত রোগীর স্বজনরা। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে তখন চারদিকে শুধু ধোঁয়া উড়ছিল। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে।’
শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ জানান, অগ্নিকাণ্ডের কারণে স্টোররুমে থাকা কিছু ওষুধ এবং বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।