মোনাকোতে স্থায়ী হচ্ছেন আনসু ফাতি

০৩ জুন, ২০২৬

বার্সেলোনার সঙ্গে আনসু ফাতির দীর্ঘ দিনের সম্পর্ক শেষ হওয়ার পথে। স্প্যানিশ এই ফরোয়ার্ড ফরাসি ক্লাব মোনাকোতে স্থায়ীভাবে যোগ দিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

গত মৌসুমে ধারে মোনাকোর হয়ে খেলেছিলেন ২২ বছর বয়সি ফাতি। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে এবার তাকে স্থায়ী চুক্তিতে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ফাতির ট্রান্সফারের জন্য বার্সেলোনাকে ১ কোটি ১০ লাখ ইউরো দেবে মোনাকো। এছাড়া খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে ক্লাবটির আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। এখন শুধু কিছু আনুষ্ঠানিক বিষয় চূড়ান্ত হওয়া বাকি।

এই চুক্তি বার্সেলোনার জন্যও গুরুত্বপূর্ণ। কারণ ট্রান্সফার ফি পাওয়ার পাশাপাশি ক্লাবটির বেতন ব্যয়ও কমবে। ফাতি বছরে প্রায় ৬০ লাখ ইউরো বেতন পেয়ে থাকেন, যা বার্সেলোনার আর্থিক কাঠামোর ওপর চাপ তৈরি করছিল।

একসময় বার্সেলোনার সবচেয়ে সম্ভাবনাময় তরুণদের একজন ছিলেন ফাতি। লিওনেল মেসির বিদায়ের পর তার হাতে তুলে দেয়া হয়েছিল বিখ্যাত ১০ নম্বর জার্সি। কিন্তু বারবার চোটে পড়ায় প্রত্যাশা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।

তবে মোনাকোতে নতুন পরিবেশে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ফাতি। তাই তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে রাখতে চায় ফরাসি ক্লাবটি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই তার স্থায়ী দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।