কিয়েভে ন্যাটো প্রধানের আকস্মিক সফর

০৩ জুন, ২০২৬

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ধারাবাহিক বড় ধরনের প্রাণঘাতী হামলার পর ন্যাটো প্রধান মার্ক রুটে বুধবার কিয়েভে আকস্মিক সফর করেছেন।দেশটির জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুটের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা জোটের সদস্যদের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছেন জেলেনস্কি।

দেশটির জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ ন্যাটো প্রধানের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, আজ কিয়েভ রেলওয়ে স্টেশনে আমরা ন্যাটোর প্রধান মার্ক রুটেকে সানন্দে স্বাগত জানাচ্ছি।

ওই পোস্টে বলা হয়েছে, পূর্ববর্তী সব সফরের মতোই এই সফরটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের দেশের প্রতি জোটের পক্ষ থেকে সংহতি ও সমর্থনের একটি নিদর্শন।

উত্তর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফোরামের জন্য কর্মকর্তা ও সফররত বিশিষ্ট ব্যক্তিরা সমবেত হওয়ার সময় ইউক্রেনীয় ড্রোন সেখানকার জ্বালানি ও সামরিক স্থাপনায় হামলা চালানোর কয়েক ঘণ্টা পরেই তিনি এই সফরে আসেন। এর আগে কিয়েভ এবং পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২৩ জন নিহত হয়।