বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে ব্রাজিল

০৩ জুন, ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (২ জুন) সকালে নিউ জার্সির নিউয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেলেসাওদের বহর। রিও ডি জেনেইরো থেকে যাত্রা করা দলটি স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখে।

বিমানবন্দর থেকে প্রায় ৫০ মিনিটের বাসযাত্রা শেষে ব্রাজিল দল ওঠে নিউ জার্সির বাস্কিং রিজ এলাকায় অবস্থিত ‘দ্য রিজ’ হোটেলে। নিরিবিলি পরিবেশে অবস্থিত এই হোটেলেই বিশ্বকাপ চলাকালে দলের আবাসন ও প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ পরিচালিত হবে।

ব্রাজিল ফুটবল ফেডারেশন এমন একটি স্থান বেছে নিয়েছে, যেখানে খেলোয়াড়রা পর্যাপ্ত গোপনীয়তা, নিরাপত্তা ও আরাম পাবেন। পাশাপাশি হোটেলটির অবস্থান দলের অনুশীলন কেন্দ্রের কাছাকাছি হওয়ায় যাতায়াতও সহজ হবে।

ব্রাজিলের অনুশীলনের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে নিউইয়র্ক রেড বুলসের মালিকানাধীন কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টার। নিউ জার্সির মরিস্টাউনে অবস্থিত এই আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রটি হোটেল থেকে মাত্র ১৫ মিনিট দূরে।

নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এটি হবে ব্রাজিলের প্রথম অনুশীলন সেশন। বাংলাদেশ সময় বুধবার (৩ জুন) ভোরে শুরু হওয়া এই অনুশীলনে খেলোয়াড়দের ফিটনেস, কৌশলগত পরিকল্পনা এবং ম্যাচ প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে ব্রাজিল আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে মিশরের মুখোমুখি হবে তারা। হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিশ্বকাপের আগে এটিই হবে আনচেলত্তির দলের শেষ পরীক্ষা।