বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

০৩ জুন, ২০২৬

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত নারী স্মৃতি রানী। তিনি বরগুনা শহরের কালিবাড়ী এলাকার দুলাল রায়ের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, মৃত দুই শিশুই তার মেয়ে। স্মৃতি রানী জেলা পরিষদ ডাকবাংলোতে খণ্ডকালীন ঝাড়ুদার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা ৩ নম্বর কক্ষের একটি বিছানার ওপর প্রায় ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে বরগুনা থানা ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ ৩ নম্বর কক্ষ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করে। পরে পাশের ৪ নম্বর কক্ষের দরজা ভেঙে স্মৃতি রানী এবং প্রায় দুই বছর বয়সী আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

নজরুল ইসলাম মোল্লা জানান, বুধবার সকাল ১১টার দিকে স্মৃতি রানী দুই সন্তানকে নিয়ে কাজে এসেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।