০৪ জুন, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে এক কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে পৌর এলাকা ও ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. বাবুর ছেলে মো. মিরাজ বাগানে আম প্যাকিংয়ের কাজ করছিলেন। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বিকেল ৩টার দিকে পৌর এলাকার শিয়ালা কলোনি গ্রামে নিজ বাড়ির পাশে বজ্রাঘাতের শিকার হন মো. মুনিরুল ইসলাম। তিনি ওই গ্রামের মো. মঙ্গল হোসেনের ছেলে।
আত্মীয়-স্বজনরা মুনিরুলকে দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।