বগুড়ায় পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

০৪ জুন, ২০২৬

 

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে মকবুল হোসেন (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ভোররাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন আলতাফনগর বাজার এলাকার মৃত আলিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ ওই এলাকার একটি টিনশেড বাড়িতে স্ত্রীসহ বসবাস করে আসছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মকবুল হোসেনের নাতি সেলিম (২১) ঘুম থেকে উঠে পুকুরপাড়ে যান। এ সময় তিনি তাঁর দাদাকে পুকুরের পানিতে উপুড় হয়ে ভেসে থাকতে দেখেন। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এসে মরদেহটি পানি থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ধারণা করা হচ্ছে, রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যকার কোনো একসময়ে পুকুরপাড়ে আম কুড়াতে যান তিনি।

ওই সময় পা পিছলে পানিতে পড়ে তাঁর মৃত্যু হতে পারে।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।