পিরোজপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রী নিহত

০৪ জুন, ২০২৬

পিরোজপুর সদর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারিয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ডুমরিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার উপজেলার বানেশ্বরপুর এলাকার বাসিন্দা আবুল কালামের মেয়ে।

তিনি পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের প্রথমবর্ষের ছাত্রী ছিলেন। এ ঘটনায় ছাত্রীর মা হাওয়া বেগম (৪৫) ও অটোরিকশার চালক রাসেল (৩৫) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার ডুমরিতলা নামক স্থানে পিরোজপুর-বরিশাল মহাসড়কে বরিশাল থেকে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা কলেজছাত্রী মারিয়ার মৃত্যু হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে জেলা হাসপাতালে আনা হলেও কলেজছাত্রী মারিয়া আগেই মৃত্যুবরণ করেন। হাওয়া বেগম নামে মহিলা রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান , পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।