বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে আগুন

০৫ জুন, ২০২৬

বান্দরবান থেকে নীলগিরি যাওয়ার পথে পর্যটকবাহী একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার দুপুর ১২টার দিকে শৈলপ্রপাত থেকে চিম্বুক যাওয়ার পথে ৭ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় গাড়িতে আগুন লাগার বিষয়টি টের পেয়ে আরোহীরা দ্রুত নেমে নিরাপদ দূরত্বে সরে যান।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মান্নান আনসারী জানান, গাজীপুর থেকে আসা ১১ জনের একটি পর্যটক দল নোহা মডেলের একটি মাইক্রোবাসে করে নীলগিরি যাচ্ছিলেন। পথে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে গেলে সবাই দ্রুত নেমে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বালানি লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয় কয়েকজন চালক জানান, প্রচণ্ড গরমে এসি চালু রেখে খাড়া পাহাড়ে উঠার চাপ থেকেও আগুন লাগতে পারে।

বান্দরবান সদর থানার ওসি শাহেদ পারভেজ জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার পর যাত্রীরা চলে যাওয়ায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।