বিশ্বকাপের আগে বর্ষসেরা হলেন ইয়ামাল

০৫ জুন, ২০২৬

বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামাল লা লিগার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আজ (শুক্রবার) স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

১৮ বছর বয়সী এই তারকা বার্সাকে তাদের ঘরোয়া মুকুট ধরে রাখতে সাহায্য করেছেন। তিনি প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে তিনবার লিগের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জেতার কীর্তি গড়েছেন এবং লা লিগায় ১৬টি গোল ও ১১টি অ্যাসিস্ট করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেছেন।

বৃহস্পতিবার বার্সেলোনার হানসি ফ্লিক বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন। 

ইয়ামালের বিষয়ে বার্সা এক বিবৃতিতে জানিয়েছে, ‘তিনি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য এক বড় ধরনের মাথাব্যথার কারণ। বার্সেলোনার এই আক্রমণাত্মক খেলোয়াড়কে রুখে দিতে প্রতিপক্ষের ডিফেন্ডারদের রীতিমতো জানপ্রাণ দিয়ে চেষ্টা করতে হয়।’

‘এমন অবদান ছাড়াও তরুণ এই কাতালান ফুটবলার ১৬টি গোল করেছেন এবং ১১টি অ্যাসিস্ট প্রদান করেছেন; লা লিগার অন্য কোনো খেলোয়াড় গোল করানোর ক্ষেত্রে এত বেশি পাস দিতে পারেননি।’

ইয়ামাল চলতি মৌসুমে বেশ কয়েকবার কুঁচকির সমস্যায় ভুগেছেন। তবুও আগামী সপ্তাহে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বিশ্বকাপে স্পেনের হয়ে মাঠে নামার জন্য সম্পূর্ণ ফিট থাকবেন বলে আশা করা হচ্ছে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ ছয়টি ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি।

মাত্র ১৬ বছর বয়সেই ইয়ামাল ফুটবল বিশ্বে নিজের আগমন বার্তা জানান দেন এবং ২০২৪ সালে স্পেনের রেকর্ড চতুর্থবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।