০৬ জুন, ২০২৬
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার শেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৫ জুন) রাতে বিমানবন্দরের কার্গো শেডে সূত্রপাত হওয়া আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে শাহ জালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান, শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে।
ওই কর্মকর্তা আরও জানান, আমরা রাত ১১:২৪ মিনিটে খবর পাই। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের চার ইউনিট মিলে ১১:৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটের দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশের কার্গো শেডের মালামাল রাখার স্থানে আগুনের খবর পাওয়া যায়। পরে ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
এর আগে গত বছরের ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট টানা প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই সময় বিমানবন্দরে সকল ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল।