০৬ জুন, ২০২৬
পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে হাঙরের আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার মাছ শিকারের (স্পিয়ারফিশিং) সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও জরুরি সেবা বিভাগ।
পুলিশ নিশ্চিত করেছে, নিহত ব্যক্তির বয়স ৩৫ বছর। ঘটনাস্থলেই প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে প্যারামেডিকরা তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, ওই ব্যক্তি তার পরিবারের সঙ্গে মাইকেলমাস আইল্যান্ড এলাকায় স্পিয়ারফিশিং (মাছ শিকার) করছিলেন। এলাকাটি আলবানি শহরের উপকূলে অবস্থিত এবং পার্থ থেকে প্রায় ৩৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে ১১টার কিছু আগে একটি বড় হাঙর তার ওপর আক্রমণ চালায় বলে জানিয়েছে রাজ্যের প্রাথমিক শিল্প বিভাগ।
পর তাকে উদ্ধার করে নৌকায় করে তীরে আনা হয়।
সেখানে আগে থেকেই অপেক্ষমাণ জরুরি চিকিৎসাকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তিনি আর সাড়া দেননি।
সেন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, একাধিক প্যারামেডিক দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে চিকিৎসা চালায়। তবে আঘাত গুরুতর হওয়ায় তার মৃত্যু ঘটে।
পশ্চিম অস্ট্রেলিয়ার প্রাথমিক শিল্প বিভাগ জানিয়েছে, তারা পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনার তদন্ত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
একই সঙ্গে মাইকেলমাস আইল্যান্ড এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সমুদ্র সৈকত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
ঘটনার পর কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ওই এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বিশেষ করে সার্ফ লাইফসেভার এবং পার্ক রেঞ্জারদের নির্দেশনা কঠোরভাবে মানার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করে তা সংশ্লিষ্ট আদালতে জমা দেওয়া হবে।