০৬ জুন, ২০২৬
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের আগে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির নৌবাহিনীকে ১০ হাজার টনের একটি ডেস্ট্রয়ার নির্মাণ এবং গোপন ডুবো অস্ত্র তৈরির নির্দেশ দিয়েছেন।
শনিবার সরকারি সংবাদপত্র রোডং সিনমুনের প্রতিবেদন অনুযায়ী, শি জিনপিংয়ের সফরের আগে সামরিক ও অস্ত্রাগার পরিদর্শন অব্যাহত রাখার অংশ হিসেবে কিম বৃহস্পতিবার একটি নৌ-পরীক্ষা তদারকি করেন। এ সময় তিনি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার ‘কাং কন’-এ আরোহণ করেন এবং আরও একটি সমান সক্ষমতার যুদ্ধজাহাজ ‘চোয়ে হিয়ন’ পর্যবেক্ষণ করেন।
গত বছর একটি উদ্বোধনী অনুষ্ঠানের সময় ‘কাং ওন’ আংশিকভাবে উল্টে গিয়েছিল এবং সেটিকে মেরামত করতে হয়েছিল।
বৃহস্পতিবার কিম একটি নবনির্মিত পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় তার দেশের পারমাণবিক অস্ত্রাগারের ‘ব্যাপক’ সম্প্রসারণের আহ্বান জানিয়েছিলেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কর্তৃক প্রকাশিত একটি ছবি অনুসারে, জাহাজ পরিদর্শনের সময় কিমের সঙ্গে তার কন্যাও ছিলেন।
এ সময় কিম বলেছেন, পারমাণবিক হামলা প্রতিহত করতে পিয়ংইয়ংকে তার নৌসক্ষমতা বাড়াতে হবে এবং স্থল, সমুদ্র ও আকাশপথে শক্তিশালী সামরিক সক্ষমতা অর্জন করতে হবে।
শি জিনপিং ৮ থেকে ৯ জুন পিয়ংইয়ং সফর করবেন। সাত বছরে এটি চীনা নেতার দ্বিতীয় সফর।
দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশন-এর সিনিয়র বিশ্লেষক হং মিন সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, এই প্রথম উত্তর কোরিয়া ১০ হাজার টনের একটি ডেস্ট্রয়ার তৈরির পরিকল্পনার কথা উল্লেখ করেছে।
হং মনে করেন, শি-র সফরের আগে কিম হয়তো তার দেশের সক্ষমতা তুলে ধরতে চাইছেন।