০৭ জুন, ২০২৬
চুয়াডাঙ্গায় একটি বাসে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আব্দুল্লাহ নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক আব্দুল্লাহ জীবননগর উপজেলার শাপলাকলিপাড়া গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানতে পারেন বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গার দিকে আসছে। পরে তথ্য যাচাই-বাছাই শেষে অধিদপ্তরের একটি বিশেষ দল জয়রামপুর এলাকায় অবস্থান নেয় এবং সন্দেহভাজন বাসটির জন্য অপেক্ষা করে।
একপর্যায়ে ঢাকা থেকে জীবননগরগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সন্দেহজনক আচরণের কারণে আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে সরবরাহ করার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।