০৭ জুন, ২০২৬
গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলায় জুয়া খেলার অভিযোগে সরঞ্জামসহ ৮ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
ডিবি পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এদিন রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মনদুয়ার (টুনিরচর) এলাকা থেকে ৩ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাঙ্গা ডিপবাজারের গোরস্থানপাড়া এলাকায় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় সরঞ্জামসহ আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।