০৭ জুন, ২০২৬
সেই ২০২৪ সালের মার্চে ব্রাজিলের হয়ে সবশেষ গোলটি করেছিলেন এন্দ্রিক। এরপর অফ ফর্মে ছিলেন অনেক দিন, দল থেকেও ব্রাত্য হয়ে পড়েছিলেন রীতিমতো। তবে বিশ্বকাপের ঠিক আগে তিনি জ্বলে উঠলেন, দারুণ ফিনিশে গোল করলেন। তার এই গোলেই ২০২৬ ফিফা বিশ্বকাপের ঠিক আগে প্রীতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দলের হয়ে অন্য গোলটি করেছেন ব্রুনো গিমারেশ।
শুরু থেকেই ম্যাচটি জমে ওঠে। ব্রাজিল বলের দখল নিয়ে খেলার চেষ্টা করে। অন্যদিকে মিশর রক্ষণাত্মক থেকে দ্রুত পাল্টা আক্রমণের পথ খোঁজে। সপ্তম মিনিটে প্রতিপক্ষের বক্সের কাছে বল জিতে নিয়ে নিখুঁত শটে গোল করেন ব্রুনো গিমারায়েস। ব্রাজিল এগিয়ে যায় ১-০ গোলে।
তবে মিশর মনোবল হারায়নি। দশম মিনিটে মারকিনিয়োসের ভুল পাস লুফে নেন জিকো। এরপর গোলরক্ষক আলিসনকে একা পেয়ে ঠিকঠাক গোল করে সমতা ফেরান তিনি। এরপর ভিনিসিয়ুস ও ইগর থিয়াগো ব্রাজিলের হয়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে পারেননি। বিরতিতে দুই দল ১-১ গোলে সমান থেকে মাঠ ছাড়ে।
দ্বিতীয়ার্ধে আনচেলত্তি প্রায় পুরো একাদশ পরিবর্তন করেন। মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বাকিদের মাঠে নামানোই ছিল লক্ষ্য। এই সিদ্ধান্ত দ্রুতই ফল দেয়। বিরতির পর মাঠে নামা এন্দ্রিক খেলার মোড় বদলে দেন। দ্বিতীয়ার্ধের প্রথম আক্রমণে বক্সের বাইরে থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে মাঝে থাকা এন্দ্রিককে পাস দেন রাফিনিয়া। ভেতর থেকে নিখুঁত শটে গোল করেন এন্দ্রিক। ব্রাজিল এগিয়ে যায় ২-১ গোলে।
এন্দ্রিকের এই গোলটি ব্রাজিলের জার্সিতে তার চতুর্থ। তার আগে তিন গোলের সবকটিই তিনি করেছিলেন ২০২৪ সালে, মার্চ উইন্ডোয় স্পেন আর ইংল্যান্ডের বিপক্ষে গোল করেছিলেন, এরপর জুন উইন্ডোয় গোল করেছিলেন মেক্সিকোর বিপক্ষে। এরপর এই প্রথম ব্রাজিলের জার্সিতে গোল করলেন তিনি।
বাকি সময়ে ব্রাজিল রক্ষণে মনোযোগ দেয়। বিশ্বকাপ দরজায় বলে অযথা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকে দলটি। মিশর মোহামেদ সালাহকে মাঠে নামিয়ে সমতা খোঁজার চেষ্টা করে, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করে ব্রাজিল।
আগামী শনিবার গ্রুপ সি-তে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মাঠে নামবে ব্রাজিল। গ্রুপের অন্য দুটি দল হলো স্কটল্যান্ড ও হাইতি। অন্যদিকে মিশর আগামী সোমবার বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে। গ্রুপ জি-তে তাদের অন্য প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ড।