চট্টগ্রামে মনোরেল প্রকল্প নিয়ে চউক-ডিটিসিএ মতবিনিময়

০৭ জুন, ২০২৬

চট্টগ্রাম মহানগরীতে মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার চউকের সম্মেলন কক্ষে এ সভায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক, সম্ভাবনা এবং নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় চট্টগ্রাম শহরের জন্য একটি সমন্বিত ট্রাফিক মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে ডিটিসিএ কর্তৃপক্ষ চউকের কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি সহযোগিতা কামনা করে। এ সময় বক্তারা নগর পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় চউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ‘চট্টগ্রাম ভৌগোলিকভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। তাই যেকোনো অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পর্যটন, জীববৈচিত্র্য, পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। নগরবাসীর কল্যাণে কার্যকর, টেকসই ও জনবান্ধব প্রকল্প গ্রহণে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’

ডিটিসিএর নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান বলেন, মনোরেল প্রকল্পকে অর্থনৈতিকভাবে টেকসই ও লাভজনক করতে উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) ব্যবস্থার সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়নের সমন্বয় সাধনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে। এতে করদাতাদের অর্থ থেকে ভর্তুকি দেওয়ার প্রয়োজন হবে না।

সভায় ডিটিসিএ-এর পক্ষে আলোনায় অংশ নেন সংস্থাটির নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. মশিউর রহমান, অতিরিক্ত নির্বাহী পরিচালক (ম্যাস ট্রানজিট) ও যুগ্মসচিব আবদুল লতিফ খান, সিএমএ প্রকল্প পরিচালক ট্রাফিক ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ কামরুল হাসানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চউকের সদস্য প্রকৌশলী মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুব উল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.এ.এম. হাবিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন