০৭ জুন, ২০২৬
বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই মাংস বিক্রেতাকে ৭ দিনের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকালে ফয়লা হাটে অভিযান চালান রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী এই জেল-জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার।
জেল-জরিমানাপ্রাপ্তরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের সাহেব আলী শেখের ছেলে হারুন অর রশিদ (৪৫) ও বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের আবু সাঈদ হাওলাদারের ছেলে ইয়ামিন হাওলাদার (৩০)।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, ফয়লাহাট বাজারে মরা গরুর মাংস বিক্রি হচ্ছে এমন অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে উপজেলা ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশন আমলে এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিক্রেতা দুইজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও উভয়কে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদ্যায় করা হয়। পরে মরা গরুর পচা মাংস মাটি চাপা দেয়া হয়।