০৮ জুন, ২০২৬
দক্ষিণ ভারতীয় তারকা রাম চরণ ও বলিউড অভিনেত্রী জাহ্নবী অভিনীত ‘পেড্ডি’ বক্স অফিসে দুর্দান্ত গতি ধরে রেখেছে। মুক্তির চার দিনের মধ্যেই ছবিটি বিশ্বব্যাপী ২৩৩ কোটি রুপির বেশি আয় করেছে, যা চলতি বছরের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিলকের তথ্য অনুযায়ী, মুক্তির চতুর্থ দিনে ছবিটি ভারতে প্রায় ৩১ কোটি ৯০ লাখ রুপি নেট আয় করেছে। আগের দিনের ২৮ কোটি ৮৫ লাখ রুপির তুলনায় এটি প্রায় ১০ দশমিক ৬ শতাংশ বেশি। সাধারণত সপ্তাহের মাঝামাঝি সময়ে আয় কমে এলেও ‘পেড্ডি’ সেই ধারা ভেঙে উল্টো প্রবৃদ্ধি দেখিয়েছে।
চার দিনে ছবিটির ভারতীয় নেট আয় দাঁড়িয়েছে প্রায় ১৫৭ কোটি ১৫ লাখ রুপি। অন্যদিকে ভারতে মোট গ্রস আয় প্রায় ১৮৭ কোটি রুপি। বিদেশের বাজার থেকেও ছবিটি প্রায় ৪৬ কোটি রুপি আয় করেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ২৩৩ কোটি রুপিরও বেশি।
কোথা থেকে আসছে সাফল্য?
ছবিটির সবচেয়ে বড় শক্তি তেলুগুভাষী বাজার। বিশেষ করে সন্ধ্যা ও রাতের শোগুলোয় দর্শক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। বিশ্লেষকদের মতে, ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া ও মুখে মুখে প্রচারণা (ওয়ার্ড অব মাউথ) ছবিটির আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও উপসাগরীয় দেশগুলোয়ও ছবিটি ভালো ব্যবসা করছে।
বিতর্কও কম নয়
বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ‘পেড্ডি’ অন্য একটি কারণেও আলোচনায় এসেছে। ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্র ‘অচিয়াম্মা’–কে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
অনেক দর্শকের অভিযোগ, চরিত্রটিকে অতিরিক্ত যৌন আবেদনময়ী দেখানো হয়েছে। বিশেষ করে তাঁর পরিচিতিমূলক দৃশ্যে ক্যামেরা দীর্ঘ সময় ধরে শরীরের বিভিন্ন অংশে ফোকাস করার পর মুখ দেখানো হয়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পরে পরিচালক ক্ষমা চেয়ে বিবৃতি দেন, জানান, দৃশ্যটি সম্পাদনা করা হবে।
এ বিষয়ে সম্প্রতি অভিনেত্রী নিত্যা মেননও মন্তব্য করেছেন। যদিও তিনি ছবিটি দেখেননি বলে জানিয়েছেন, তবু তাঁর মতে, কোনো দৃশ্যকে যদি অভিনেতা বা অভিনেত্রীর কাছে অস্বস্তিকর বা অবমাননাকর মনে হয়, তাহলে তাঁদের স্পষ্ট সীমারেখা নির্ধারণ করার অধিকার থাকা উচিত।
গ্রামীণ অন্ধ্রের পটভূমিতে গল্প
বুচি বাবু সানা পরিচালিত ‘পেড্ডি’র গল্প আবর্তিত হয়েছে গ্রামীণ অন্ধ্র প্রদেশকে ঘিরে। ছবিতে রাম চরণ অভিনয় করেছেন এক তরুণের চরিত্রে, যিনি খেলাধুলার মধ্য দিয়ে নিজের ও নিজের সম্প্রদায়ের পরিচয় গড়ে তোলার চেষ্টা করেন।
গল্পে ক্রিকেট, কুস্তি ও দৌড় প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছবিতে আরও অভিনয় করেছেন শিবা রাজকুমার ও জগপতি বাবু।
প্রায় তিন হাজার পর্দায় মুক্তি পাওয়া ছবিটি মুক্তির আগেই ব্যাপক আলোচনায় ছিল। অগ্রিম টিকিট বিক্রিও ছিল বেশ শক্তিশালী, যা ছবিটির সফল যাত্রার ভিত্তি তৈরি করে।
৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘পেড্ডি’ এখন শুধু বক্স অফিসেই নয়, সমসাময়িক ভারতীয় সিনেমায় নারী চরিত্রের উপস্থাপন নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সূত্রঃ ইন্ডিয়া টুডে।।