০৮ জুন, ২০২৬
চট্টগ্রামের রাউজান উপজেলায় সিরাজ উদ দৌলা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যুর পর জানাজার প্রস্তুতির সময় কফিন থেকে রক্ত বের হতে দেখা গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কাফনের কাপড় খুলে তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেলে জানাজা বন্ধ করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
রবিবার (৭ জুন) রাতে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের হাজী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিরাজ উদ দৌলা ওই এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে।
তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরীতে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, মৃত্যুর পর স্বাভাবিক মৃত্যু ধরে নিয়ে গ্রামের বাড়িতে জানাজার আয়োজন করা হয় এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত হন। কিন্তু জানাজার আগে কফিন থেকে রক্ত বের হতে দেখে সন্দেহ সৃষ্টি হয়। পরে কাফন খুলে মাথায় আঘাতের চিহ্ন দেখতে পান তারা।
এরপরই জানাজা বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে পারিবারিক কলহের কারণে সিরাজ উদ দৌলা নগরের বাসা ছেড়ে স্বজনদের বাড়িতে ছিলেন। সম্প্রতি তিনি আবার নিজ বাসায় ফিরে আসেন।
সেখানেই তার মৃত্যু হয়।
তবে নিহতের স্ত্রী জাহেদা বেগম দাবি করেছেন, দুইদিন আগে তিনি চেয়ার থেকে পড়ে মাথায় আঘাত পান। সেই আঘাতের কারণেই মৃত্যু হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, প্রথমে পরিবারের পক্ষ থেকে স্বাভাবিক মৃত্যু বলে জানানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে কফিনে রক্ত ও আঘাতের চিহ্ন পাওয়ায় লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।