০৮ জুন, ২০২৬
বিশেষ কৌশলে ভারতীয় জিরার চালান পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। তবে শেষ পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি তারা। বালুবোঝাই একটি ট্রাক তল্লাশি করে বালুর নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে
সোমবার তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সাদিকুর রহমান (৩২) জালালাবাদ থানার নলকট গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম জানান, রবিবার বিকেলে জালালাবাদ থানার শিবেরবাজার এলাকার বটেরতল পয়েন্টে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে লুকিয়ে রাখা ৭৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জিরার বাজারমূল্য প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা।
এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার সাদিকুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানান পুলিশ।