০৯ জুন, ২০২৬
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অটোয়া শাখা এবং জাতীয়তাবাদী যুবদল কানাডা শাখার উদ্যোগে কানাডার অটোয়ায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার ( ০৭ জুন, ২০২৬) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি অটোয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি আনজির নূর (কবিতা)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি অন্টারিও প্রভিন্সের যুগ্ম সম্পাদক ও অটোয়া বিএনপির সাবেক সংগঠক আবু ইউসুফ হারুন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা, কাফরুল থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং কানাডা যুবদলের অন্যতম সংগঠক মনোয়ার হোসেন আকাশ।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশ গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন অটোয়া বিএনপির অন্যতম সিনিয়র উপদেষ্টা ও মুন্সীগঞ্জের সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, উপদেষ্টা আজাদ কাজী, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের অন্যতম নেতা ও কানাডা যুবদলের নেতা রাতিন চৌধুরী, অটোয়া বিএনপির দপ্তর সম্পাদক সারোয়ার জাহান পারভেজ এবং নুর জামিলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, সততা, দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বাংলাদেশের উন্নয়নে তার অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তারা জাতীয়তাবাদী দর্শন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের উন্নয়নে তার সুদূরপ্রসারী অবদান নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বাংলাদেশের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম মোহাম্মদ শরিফুল ইসলাম।
সমাপনী বক্তব্যে বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গঠনে তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশের সার্বিক কল্যাণ, জনগণের শান্তি ও সমৃদ্ধি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করে বিশেষ দোয়া করেন।