নোরা ফাতেহির বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’

০৯ জুন, ২০২৬

তিনি যখনই কোমর দোলান, লাখো ভক্তের হৃদয়ে ঝড় ওঠে। বলিউডের আইটেম ড্যান্সের খোলস ভেঙে তিনি আগেই নিজেকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন। আর এবার, ফুটবল বিশ্বকাপের মেগা মঞ্চে আবারও ইতিহাস গড়লেন বলিউডের ‘দিলবার’ কন্যা নোরা ফাতেহি! আজ ৯ জুন অফিসিয়ালি মুক্তি পেল ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’। বিখ্যাত ফরাসি গায়ক ভেজেড্রিম এবং মিউজিক প্রডিউসার বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়ের সঙ্গে নোরার এই যুগলবন্দি এরই মধ্যে নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।
২০২২ কাতার বিশ্বকাপের পর এটি দ্বিতীয়বারের মতো নোরার ফিফা ফুটবল বিশ্বকাপে অফিসিয়াল গান গাওয়া এবং পারফর্ম করার রেকর্ড। তবে এবারের গানটি নোরার কাছে আরও বেশি স্পেশাল হওয়ার কারণ হলো এর পেছনে থাকা ১০০% দেশীয় ছোঁয়া।

নোরা অত্যন্ত গর্বের সঙ্গে জানিয়েছেন, ‘এই গানটির মাধ্যমে আমি আমার মরোক্কান এবং কানাডিয়ান শিকড়ের পাশাপাশি ভারতের প্রতি আমার ভালোবাসা ফুটিয়ে তুলেছি, যে দেশ আমাকে আজকের এই অবস্থানে এনেছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই আন্তর্জাতিক মিউজিক ভিডিওর কোরিওগ্রাফার, ব্যাকগ্রাউন্ড ড্যান্সার থেকে শুরু করে আমার পুরো স্টাইলিং টিম ছিল ভারতীয়! বিশ্বমঞ্চে প্রাচ্যের সুর আর ভারতীয় মেধাকে রিপ্রেজেন্ট করতে পেরে আমি রোমাঞ্চিত।’

আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে জায়গা করে নেওয়া এই গানটির বিট ও কোরিওগ্রাফি এতটাই ক্যাচি যে রিলিজের পর থেকেই এটি রিলস ও শর্টসে ঝড় তুলতে শুরু করেছে। ফুটবল উন্মাদনার সঙ্গে নোরার কিলার ড্যান্স মুভস বিনোদন ও ক্রীড়াপ্রেমীদের জন্য এক নিখুঁত কম্বিনেশন!