১০ জুন, ২০২৬
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। তিনি জানান, মঙ্গলবার বিকালের র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এবং র্যাব-১০-এর সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোড়কে নকল ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী শাক্তা এলাকার বাসিন্দা শাহিন রেজা (৪১) এবং দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ইদ্রিস আলীকে (৫৭) দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০-এর সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের খাদ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণের মতো প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে র্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।