কর্মসংস্থান বাড়াতে ফ্রিল্যান্সার-উদ্যোক্তাদের করমুক্তির সুখবর

১১ জুন, ২০২৬

দেশে বিনিয়োগ, কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে একগুচ্ছ কর ও শুল্ক সুবিধার প্রস্তাব এনেছে সরকার। বিশেষ করে তরুণ, নারী, প্রতিবন্ধী উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং প্রযুক্তিনির্ভর স্টার্টআপদের জন্য ব্যাপক করছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব করবেন। বাজেটে সরকারের লক্ষ্য মধ্য মেয়াদে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ১৫ শতাংশে উন্নীত করা। এ জন্য একটি ন্যায্য, প্রযুক্তিনির্ভর ও ব্যবসাবান্ধব রাজস্ব কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কর্মসংস্থানকে বাজেটের কেন্দ্রবিন্দুতে রেখে সরকার আইটি খাতের বাইরে সব ধরনের ফ্রিল্যান্সিং আয়কে করমুক্ত করার প্রস্তাব করেছে।

পাশাপাশি কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয়ও করমুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর ব্যবসার ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এসএমই উদ্যোক্তাদের জন্য ৫০ লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার থেকে অর্জিত আয় করমুক্ত রাখার প্রস্তাবও এসেছে।