পাকিস্তানশাসিত কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২২

১১ জুন, ২০২৬

পাকিস্তানশাসিত কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২২ জন সামরিক সদস্য। নিহতদের মধ্যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। দুর্ঘটনার পর মুজাফফরাবাদে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে জানাজা ও দাফন।

দুর্ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি যেসব ভবনের পেছনে বিধ্বস্ত হয়েছে, সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ১৯ জন সেনাসদস্য, একজন মেজর এবং দুজন কর্নেল রয়েছেন।

নিহত সেনাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। পাকিস্তানের পতাকায় মোড়ানো কফিনগুলো কাশ্মীরে মোতায়েন আর্টিলারি ইউনিটের সদস্যরা বহন করেন।

পাকিস্তান সেনাবাহিনী বুধবার জানিয়েছিল, কারিগরি ত্রুটির কারণে এমআই-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং নিহত হয়েছেন এতে থাকা সবাই।

দুর্ঘটনার সঠিক কারিগরি কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি নাগরিক সংগঠনের জোটের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে রবিবার অন্তত ১১ জন নিহত হওয়ার পর কাশ্মীরে কঠোর নিরাপত্তা বিধিনিষেধ জারি করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটল।