খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১১ জুন, ২০২৬

খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে পুলিশ ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছেন। হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আগুন লাগার পর আতঙ্কিত হয়ে বাইরে ছুটে এসেছেন।

এদিকে, হাসপাতালের সামনে উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কাজ করতে বেগ পেতে হচ্ছে। 
হাসপাতালের নিচতলার জেনারেটর রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে ১৬তলা ভবনের উপরের তলাগুলোতে ধোঁয়া দেখা যাচ্ছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

খুলনা ফায়াস সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বলেন, ‘আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।’