১১ জুন, ২০২৬
ফিফা বিশ্বকাপ–২০২৬কে সামনে রেখে শরীয়তপুরে এবার দেখা মিলেছে ইরান সমর্থক ফুটবলপ্রেমীদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার। প্রায় ৫০টি মোটরসাইকেল ও কয়েকটি ব্যক্তিগত গাড়ি নিয়ে আয়োজিত এ শোভাযাত্রা শহরজুড়ে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শরীয়তপুর শহরের প্রধান সড়ক এবং শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় মোটরসাইকেলগুলো বাংলাদেশের জাতীয় পতাকা ও ইরানের পতাকায় সজ্জিত ছিল। সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের দাবি, বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের জনপ্রিয়তার পাশাপাশি মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিনিধিত্বকারী দল হিসেবে ইরানের প্রতিও তাদের বিশেষ সমর্থন রয়েছে।
আয়োজক মাহাবুব সরদার বলেন, আমরা অনেকেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থন করি। তবে মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী দল হিসেবে ইরানকে নিয়েও আমাদের আলাদা আবেগ রয়েছে। ইরানের ফুটবলের উন্নতি, তাদের লড়াকু মানসিকতা এবং আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে। বিশ্বকাপে ইরানের ভালো পারফরম্যান্স দেখতে চাই।
এশিয়ার অন্যতম সফল ফুটবল দল ইরান দীর্ঘদিন ধরেই বিশ্বকাপের নিয়মিত অংশগ্রহণকারী। শক্তিশালী রক্ষণভাগ, সংগঠিত দলগত ফুটবল এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে দলটি বিশ্ব ফুটবলে নিজেদের একটি আলাদা অবস্থান তৈরি করেছে। মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর আশা-আকাঙ্ক্ষার বড় একটি অংশ জুড়ে রয়েছে ইরানের নাম।
বিশ্বকাপ–২০২৬-এ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সেই প্রেক্ষাপটে শরীয়তপুরের ইরান সমর্থকদের এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
শোভাযাত্রা শেষে সমর্থকরা ইরানের সাফল্য কামনা করে বিশ্বকাপজুড়ে দলটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।