১২ জুন, ২০২৬
এবার মাদকের ভয়াবহতার ছোবল পড়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভর্তি রেখে চিকিৎসা কার্যক্রম পরিচালিত নতুন ভবনেও। নতুন ভবনের এক পাশে বন্ধ থাকা জরুরি বহির্গমন সিঁড়িতে চলত মাদক সেবন ও মাদক বিক্রি।
হাসপাতালের ওই স্থান থেকে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের কারণে বরখাস্ত হওয়া চতুর্থ শ্রেণির কর্মচারী ইয়ার হোসেনসহ চারজনকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
এর আগে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তারক কুমার হালদার বলেন, গত বুধবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, চতুর্থ শ্রেণির কর্মচারী (বরখাস্ত) ইয়ার হোসেন এবং তার মাদক বিক্রি ও সেবনের সহযোগী আলমগীর, সবুজ ও বিল্লাল।
প্রাথমিকভাবে জানা যায়, তারা হাসপাতালের নতুন ভবন ও চত্বরে অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিল। বর্তমানে চার আসামিই কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, হাসপাতালের ভবন থেকে ইয়াবাসহ গ্রেপ্তার চারজনের মধ্যে ইয়ার হোসেনের নামে আগেও একাধিক মামলা রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।