১৩ জুন, ২০২৬
কুমিল্লার বুড়িচং উপজেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা তুলে ধরতে অনুষ্ঠিত হলো স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ব্যতিক্রমী উপস্থাপনা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
শুক্রবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন।
তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাবলিহা আনহার, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির আহামেদ, বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির বাবুল, সহসভাপতি আ. রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. এনামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক সবুজ, বুড়িচং উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভুইয়া, বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার সালাহ উদ্দিন, সহকারী প্রোগ্রামার উম্মে আয়মান কুলসুম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফেরদৌসী আলম, অফিস সহকারী জসিম উদ্দিন, আবুল কালাম খান প্রমুখ।
উপজেলার ১০টি বিদ্যালয় ও ৪টি কলেজসহ মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ, দ্বিতীয় স্থান বুড়িচং কালি নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।