১৩ জুন, ২০২৬
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের অন্যতম সদস্য ও ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে মৃত্যুর কারণ জানায়নি সিবিএফ।
১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে ৬১টি ম্যাচ খেলেছেন ব্রিতো। তিনি ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে অংশ নেন। ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের ঐতিহাসিক শিরোপা জয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই সেন্টার-ব্যাক।
ব্রিতোর মৃত্যুতে শোক প্রকাশ করে সিবিএফ সভাপতি সামির শাউদ বলেন, ‘ব্রিতো ছিলেন ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণ করা হবে।’
বিশ্বকাপ জয়ের পাশাপাশি ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে তাসা ইন্ডিপেনডেনসিয়া জয়ী ব্রাজিল দলেও ছিলেন ব্রিতো। ব্রাজিল ফুটবলের ইতিহাসে অন্যতম সফল এই ডিফেন্ডারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির ফুটবল অঙ্গনে।