১৩ জুন, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের গেট টুগেদার ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
শিক্ষা প্ল্যাটফর্ম লাইভ এমসিকিউ এবং জেনেসিস বিসিএস কেয়ারের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ৪৯তম বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত নতুন কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা হিসেবে দেশ ও দেশের মানুষের প্রতি আপনাদের এক বিশাল দায়বদ্ধতা রয়েছে। জাতির এই প্রত্যাশা পূরণে কর্মক্ষেত্রে সব সময় নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
আয়োজকেরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের পারস্পরিক মেলবন্ধন ও শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যেই এই পুনর্মিলনীর আয়োজন। বর্ণাঢ্য এই আয়োজনের আনুষ্ঠানিক আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথি ও নবীন কর্মকর্তাদের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।