বগুড়ায় পানিতে ডুবে চার বছরের শিশু নিখোঁজ

১৩ জুন, ২০২৬

 

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে মাফিয়া খাতুন নামের চার বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাফিয়া খাতুন ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

জানা য়ায়, শনিবার সকাল ১০টার দিকে মাফিয়া খাতুন বাড়ির পাশে আড়িয়ামারা খালের দাবুর বাড়ির ঘাট এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল।

খেলার একপর্যায়ে সে খালে নামে। সাঁতার না জানায় খালের তীব্র স্রোতে সে পানিতে তলিয়ে যায়। এসময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর দেওয়া হলে ধুনট উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

তবে দীর্ঘ সময় খালের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও ওই শিশুর সন্ধান পাওয়া যায়নি।

ধুনট উপজেলা ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার সাব্বির হোসেন জানান, খবর পেয়ে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে খালের পানিতে খোঁজাখুঁজি শুরু করে। তবে তীব্র স্রোতের কারণে এখন পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি রাজশাহী বিভাগের ডুবুরি দলকে জানানো হয়েছে।

তারা ঘটনাস্থলে পৌঁছালেই উদ্ধার কাজ আবার শুরু করা হবে।