১৩ জুন, ২০২৬
গাইবান্ধায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাঘট পার্কে গিয়ে শেষ হয়।
শতাধিক মোটরসাইকেল আরোহী নিয়ে আয়োজিত এই বর্ণাঢ্য র্যালিতে সমর্থকেরা প্রিয় দলের জার্সি ও পতাকা নিয়ে অংশ নেন। মূলত ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আনন্দ ভাগাভাগি করতে এবং প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জানাতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের একত্রিত করতে এই প্রয়াস। মূলত ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতেই এই ব্যতিক্রমী আয়োজন।
শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক নুর আলম বলেন, ‘ফুটবল বিশ্বকাপ এলেই আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি। ব্রাজিলের শৈল্পিক ফুটবল আমাদের আকৃষ্ট করে। তাই প্রতিবারের মতো সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে একত্র হয়েছি।’
আরেক সমর্থক অতনু সাহা বলেন, ছোটোবেলা থেকেই ব্রাজিলকে সমর্থন করি। দলের খেলোয়াড়দের প্রতি আমাদের আলাদা ভালোবাসা রয়েছে। তিনি বলেন, এবার যেহেতু নেইমারের শেষ বিশ্বকাপ, আশা করি, এবারের আসরে দল ভালো ফল করবে এবং প্রিয় ব্রাজিলই শিরোপা ঘরে তুলবে।