চিকিৎসাসেবার মান বাড়াতে বিরল হাসপাতালে আধুনিক ফিডব্যাক মেশিন

১৪ জুন, ২০২৬

চিকিৎসাসেবার মান বাড়াতে দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো আধুনিক ‘ফিডব্যাক মেশিন’। শনিবার দুপুরে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মেশিন হস্তান্তর ও উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিডব্যাক মেশিনটি হস্তান্তর করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই আধুনিক মেশিনটি চালুর ফলে হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও বৃদ্ধি পাবে এবং রোগীরা উন্নত সেবা পাবেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চলমান চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জীময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলার সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন।

অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিরলের ফরাক্কাবাদ ইউনিয়নের ছেতরা ব্রিজ সংলগ্ন পুনর্ভবা নদীর দুই ধারে একযোগে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করে কার্যক্রমের সূচনা করেন।