১৪ জুন, ২০২৬
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ৭৯৪ গ্রাম ওজনের আট টুকরা স্বর্ণসহ সিকান্দার আলী (৪০) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রবিবার সকাল ৮টার দিকে সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রাম থেকে এগুলো আটক করা হয়। স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা। আটক সিকান্দার আলী গোয়ালপাড়া গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে।
মহেশপুরের ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুল হক জানান, জীবননগরের মেদিনীপুর বিওপির টহলদল গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগান এলাকায় অবস্থান করছিলো। এসময় সন্দেহভাজন সিকান্দার আলী মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যাচ্ছিলো। বিজিবি গতিরোধ করে সিকান্দারকে তল্লাশী করলে তার কাছ থেকে ছোট-বড় আট টুকরা স্বর্ণ উদ্ধার হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নেয়া হচ্ছিলো।
সহকারী পরিচালক আরো জানান, স্বর্ণ সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে। একই সাথে আটক ব্যক্তিকে জীবননগর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।