সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯ পরিবার পেল বিআরটিএ’র আর্থিক ক্ষতিপূরণ

১৪ জুন, ২০২৬

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঢাকা সার্কেল ৩-এর আওতাধীন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৯টি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে সদস্যদের হাতে ৪১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত একজনকে ৩ লাখ ও একজনকে ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

রবিবার সকালে রাজধানীর উত্তরায় বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল ৩-এর উপ-পরিচালক সুব্রত কুমার দেবনাথ নিহত ও আহত পরিবারের কাছে এসব চেক তুলে দেন।

এ সময় ভুক্তভোগীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, বিআরটিএ’র কাছ থেকে এই চেক পেয়ে আমরা হয়তো আর্থিকভাবে উপকৃত হলাম। তবে আমারা আমাদের হারানো স্বজনদের আর ফিরে পাবো না। আল্লাহ যেন কাউকে স্বজনহারা না করেন।

সড়কে শৃঙ্খলা ফেরানো এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর অধীনে গঠিত হয় আর্থিক সহায়তা তহবিল। ২০২৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই ট্রাস্টের মাধ্যমে ক্ষতিপূরণ বিতরণ শুরু করে বিআরটিএ।