পাঁচ বছর পর চালু হলো শেরপুর সদর হাসপাতালের আইসিইউ

১৪ জুন, ২০২৬

শেরপুর জেলা সদর হাসপাতালের বহুল প্রতীক্ষিত আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। দীর্ঘদিন লোকবল সংকটের কারণে অচল থাকা ১০ শয্যার এই ইউনিটটি রবিবার উদ্বোধন করা হয়।

সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি আইসিইউ ইউনিটের উদ্বোধন ঘোষণা করেন। পরে বিকাল সাড়ে ৩টায় হাসপাতালের নবম তলায় ফিতা কেটে ইউনিটটির উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. মো. শাহিন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিয়া, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনাকালে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ভবন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে আইসিইউ ইউনিটটি তৈরি করা হলেও জনবল সংকটের কারণে এটি চালু করা সম্ভব হয়নি।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিয়া জানান, প্রাথমিকভাবে সীমিত জনবল নিয়ে আইসিইউ সেবা শুরু হয়েছে। প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, শেরপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। হাসপাতালের অন্যান্য সমস্যা ও জনবল সংকট নিরসনেও উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৭ জুন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর জেলা হাসপাতালের নানা সংকট ও অচল আইসিইউ চালুর বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন।