চীন সফর শুরু করলেন মায়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

১৫ জুন, ২০২৬

চীনা নেতা শি চিনপিংয়ের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে মায়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং সোমবার বেইজিংয়ে পৌঁছেছেন।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে এটিই তার প্রথম সফর।

৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং ছিলেন সাবেক সামরিক জান্তা প্রধান। তিনি ছিলেন, ২০২১ সালের সেই অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী। অভ্যুত্থানের পরে মায়ানমারে গৃহযুদ্ধ শুরু হয় এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পরে দেশটি।

মিন অং হ্লাইং এপ্রিলের শুরুতে সংসদ কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হন। 

শীর্ষ সেনা কর্মকর্তা থেকে বেসামরিক রাষ্ট্রপতি হওয়ার মাধ্যমে তিনি ক্ষমতার ওপর নিজের নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিক রূপ দিলেন। তার নেতৃত্বে হওয়া অভ্যুত্থান এক দশকের অনিশ্চিত গণতন্ত্রের অবসান ঘটায় এবং একসময় এশিয়ার সম্ভাবনাময় উদীয়মান বাজার হিসেবে পরিচিত দেশটি থেকে অনেক বিদেশি বিনিয়োগকারী সরে যেতে শুরু করেন।