১৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রিফাত আহমেদ নামে এক যুবককে গুলি করে অপহরণের অভিযোগ উঠেছে। রবিবার (১৪ জুন) রাত ১২টার সময় উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাস পাড়ায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে। এ ঘটনায় একজন নারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে রবিবার রাতে ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী মন্নাফ মিয়া ওরফে মনেক ডাকাতের লোকজন রিফাতের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি আহত হলে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক একটি যানবাহনে তুলে নিয়ে যায়।
ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি।
শাহাদাত হোসেন সোহাগ জানান, রিফাতের সাথে মনেক ডাকাতের দীর্ঘদিনের বিরোধ ছিল। তার অত্যাচারে রিফাত বাড়িতে থাকতে পারতেন না। গত রবিবার তিনি বাড়িতে যান।
রাতে মনেক ডাকাত ও তার লোকজন রিফাতকে গুলি করে অপহরণ করেন। রিফাত জীবিত না মৃত, তা বলতে পারছি না। আমরা রিফাতের দ্রুত উদ্ধার ও মনেক ডাকাতকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মনেক ডাকাত এর সাথে যোগাযোগ করতে চাইলে কোন মন্তব্য পাওয়া যায়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গুলির ঘটনা সত্য, তবে কে বা কারা গুলি করেছে বা কে কাকে অপহরণ করেছে সেই তথ্য পাওয়া যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।