চেম্বারে ঢুকে আইনজীবীকে মারধর, গ্রেপ্তার ৪

১৫ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় এক আইনজীবী ও তার সহকারীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে জেলা আইনজীবী সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। এ ঘটনায় আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আশরাফ উদ্দিন মন্তু এবং তার সহকারী উজ্জল মিয়া।

আশরাফ উদ্দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।

মামলার আসামিরা হলেন কান্দিপাড়া মাইমলহাটির মজনু মিয়া (৫০), নবীনগর উপজেলার শিবপুর গ্রামের জসিম মিয়া (৪০), তার স্ত্রী চাদনী আক্তার (৩৫) এবং একই গ্রামের বাবু মিয়া (২৪)। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার বিকেল চারটার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় নিজের চেম্বারে কাজ করছিলেন আশরাফ উদ্দিন মন্তু।

এ সময় আসামিরা সেখানে গিয়ে তাঁকে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, মজনু মিয়া আশরাফ উদ্দিনের বাম চোখের নিচে ঘুষি মারেন। জসিম মিয়াও তার নাকে ঘুষি দিয়ে আহত করেন। আইনজীবীকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর সহকারী উজ্জল মিয়ার ওপরও হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, বাবু মিয়া ও চাদনী আক্তার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে উজ্জল মিয়ার বাম চোখ ও ডান হাতের কবজিতে জখম হয়।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে চারজনকে আটক করেন। পরে আদালত পুলিশের সহায়তায় তাঁদের হেফাজতে নেওয়া হয়। আহত দুইজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তাদের শরীরের বিভিন্ন স্থানে সেলাই দিতে হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম মিয়ার একটি মামলা পরিচালনা করছিলেন আশরাফ উদ্দিন মন্তু। পারিবারিক একটি বিরোধ নিয়ে জসিম মিয়া আইনজীবীর প্রতি ক্ষুব্ধ ছিলেন। সেই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবী ও তার সহকারীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক চারজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।