১৬ জুন, ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক ভারতীয় বৃদ্ধকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে রবিবার রাতে সীমান্ত এলাকার আলো নিভিয়ে ওই বৃদ্ধকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয় বিএসএফ।
এর আগে ওইদিন সকালে উপজেলার হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর উপপিলার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর দিনভর সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, সকালে সীমান্তসংলগ্ন একটি ফসলি মাঠে কাজ করার সময় কয়েকজন কৃষক আনুমানিক ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে ঘোরাঘুরি করতে দেখেন। তিনি ক্ষুধার্ত অবস্থায় তাদের কাছে খাবার ও পানি চান। একপর্যায়ে তিনি নিজেকে ভারতের নাগরিক বলে পরিচয় দেন এবং দাবি করেন, ভোরে বিএসএফ সদস্যরা তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।
বিষয়টি জানতে পেরে স্থানীয় কৃষকেরা হাটখোলা বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ওই বৃদ্ধকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠান। কিন্তু বিএসএফ তাকে নিজেদের এলাকায় না নিয়ে সীমান্তের শূন্যরেখার একটি ডোবায় বসিয়ে রাখে।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘ সময় ধরে ওই বৃদ্ধ শূন্যরেখার ডোবায় অবস্থান করছিলেন। ডোবার এপারে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন সতর্ক অবস্থানে ছিলেন, আর ওপারে অবস্থান নেয় বিএসএফ।
ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা চললেও বিজিবির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ পিছু হটে। পরে রাতে ওই বৃদ্ধকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নেওয়া হয়।
হাটখোলা গ্রামের বাসিন্দা কামাল হোসেন বলেন, বৃদ্ধ ব্যক্তিকে খুব ক্লান্ত ও তৃষ্ণার্ত মনে হচ্ছিল। মানবিক কারণে তাকে পানি দেওয়া হয়। পরে বিজিবি তাকে ভারতের দিকে ফেরত পাঠালেও বিএসএফ আবার শূন্যরেখায় বসিয়ে রাখে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, ভারতের মথুরাপুর বিএসএফ ক্যাম্পের আশপাশে কয়েকজনকে জড়ো করে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয়দের আশঙ্কা, তাদেরও বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হতে পারে।
হাটখোলা সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান বলেন, বিএসএফ এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। বিজিবি তাকে ফেরত পাঠিয়েছে। তিনি ভারতের নাগরিক। সীমান্তে বর্তমানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।